ঝিনাইদহে প্রায় আড়াই কেজি সোনার বারসহ দুই যুবক আটক

ঝিনাইদহের মহেশপুরে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে চারটি সোনার বার (ওজন ২ কেজি ৩৩১ গ্রাম)সহ দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত সোনার আনুমানিক মূল্য ৩ কোটি ৬৯ লাখ ৮৪ হাজার ৭৭৬ টাকা।

বিজিবি জানায়, এসব সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। এসময় পাচারকারীর সঙ্গে জড়িত সন্দেহে একটি মোটরসাইকেলসহ দুই যুবককে আটক করা হয়।

আটকরা হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খোদ্দরায় গ্রামের কার্তিক বিশ্বাসের ছেলে সৌরভ বিশ্বাস (২৫) ও কোটচাঁদপুর উপজেলার কাগমারী গ্রামের অনন্ত বিশ্বাসের ছেলে রণজিৎ বিশ্বাস (২৫)।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হাজী ডিলাক্স এক্সপ্রেস বাসে অভিযান চালিয়ে সোনাসহ তাদের গ্রেপ্তার করা হয়। রাত সাড়ে ৯টার দিকে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন।

মহেশপুর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে ভিত্তি করে মহেশপুরের কাকিলাদাড়ী এলাকায় হাজী ডিলাক্স সার্ভিস বাসে অভিযান চালানো হয়। এসময় চারটি সোনার বার জব্দ করা হয়। এতে ঝিনাইদহের কালীগঞ্জের খোদ্দর গ্রামের সৌরভ বিশ্বাসকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কোটচাঁদপুর বাজার এলাকা থেকে সহযোগী রণজিৎ বিশ্বাসকেও গ্রেপ্তার করা হয়। সেসময় একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। আটক দুই আসামিকে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আটক দুজনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।