খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ই সেপ্টেম্বর ২০২৫, ৫:৫৬ পিএম
একীভূত হতে যাওয়া দুর্বল পাঁচটি ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক। ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব পাচ্ছেন কেন্দ্রীয় ব্যাংকের দুই পরিচালক, আর ফার্স্ট সিকিউরিটি, সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিনজন নির্বাহী পরিচালক।
রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে তাদের নাম চূড়ান্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।
এক্সিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. শওকত উল আলমকে। নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ব্যাংক, আর মো. সালাহ উদ্দীন পাচ্ছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দায়িত্ব।
অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
তবে প্রশাসক নিয়োগে আইনী প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচটি শরিয়াহভিত্তিক ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়েছিল। ব্যাংকগুলোর ঋণের বড় অংশ এখন খেলাপি হওয়ায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছে না।
এই পরিস্থিতিতে গ্রাহকদের অসন্তুষ্টির মধ্যে ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক, পাঁচটি শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে পাঁচটি ব্যাংককে একীভূত করতে মোট খরচ ধরা হয়েছে ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা দেবে সরকার।
খবরওয়ালা/শরিফ
মন্তব্য