খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
এশিয়া কাপ ২০২৫ ক্রিকেট ফাইনালে ভারত-পাকিস্তান লড়াইয়ের পর ট্রফি প্রদান পর্বে আনুষ্ঠানিক প্রেজেন্টেশনই বাতিল ঘোষণা করতে বাধ্য হয় আয়োজকরা। ট্রফি ছাড়াই খালি হাতে মাঠ ছাড়তে হয় চ্যাম্পিয়ন ভারতকে।
আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতকে এশিয়া কাপের ট্রফি প্রদান করা হবে। তবে সেক্ষেত্রে একটি শর্ত বেঁধে দিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। সংস্থাটির চেয়ারম্যান ও পিসিবি সভাপতি মহসিন নাকভি শর্ত পূরণ সাপেক্ষে ভারতের ক্রিকেটারদের হাতে ট্রফির পাশাপাশি মেডেল তুলে দিতে চান।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এশিয়া কাপের ট্রফিটি দুবাইয়ে এসিসির সদর দপ্তরে রয়েছে, যা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মাত্র চার কিলোমিটার দূরে। জায়গাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সদর দপ্তরের কাছেই।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, এসিসি ও পিসিবি সভাপতি নাকভি এশিয়া কাপের ট্রফি ভারতকে তুলে দিতে রাজি হয়েছেন। তবে সেই পদক এবং ট্রফি দুটিই নাকভি নিজের হাতে ভারতের হাতে তুলে দিতে চান। সে জন্য একটি অনুষ্ঠানের আয়োজনও করতে বলেছেন তিনি। এই শর্ত মানলেই কেবল চ্যাম্পিয়ন ভারতের হাতে ট্রফি তুলে দিবেন নাকভি।
বর্তমান পরিস্থিতি বিবেচনায়, পিসিবির সভাপতির প্রস্তাবে ভারতের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। ফলে কোথায়, কবে, কখন এই অনুষ্ঠান হবে বা হতে পারে তা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেল।
খবরওয়ালা/এফএস