নারী সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুই সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের বিরুদ্ধে নারী সাংবাদিককে মারধর ও হেনস্তার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলাম তালুকদার।

এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে দৈনিক মুক্ত খবরের জেলা প্রতিনিধি দিশা আক্তার বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় এ মামলা করেন। মামলা নম্বর-৪৯।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ সেপ্টেম্বর দুপুরে তথ্য ও বিজ্ঞাপন সংগ্রহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যান সাংবাদিক দিশা আক্তার। এসময় তার সঙ্গে ছিলেন আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, দৈনিক বাঙালির কণ্ঠের শামীম রেজা এবং দৈনিক ভোরের আওয়াজের আব্দুর মুনতাকিন জুয়েল।

সহকর্মীরা অন্য কক্ষে গেলে দিশা আক্তার উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথের কক্ষে প্রবেশ করেন। পরিচয় দিয়ে কাজের বিষয় আলোচনা শুরু করলে হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন শিশির চন্দ্র। এক পর্যায়ে তিনি অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে আক্রমণ করে দিশা আক্তারের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেন।

এ ঘটনায় নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ ও উপ-সহকারী প্রকৌশলী শিশির চন্দ্র দেবনাথকে আসামি করে মামলা করেন দিশা আক্তার।

এ বিষয়ে অভিযুক্ত শিশির চন্দ্র দেবনাথ বলেন, মামলার ব্যাপারে আমি কিছুই জানি না। আমি বর্তমানে ছুটিতে আছি। অন্যদিকে নির্বাহী প্রকৌশলী বেলাল আহমেদ জানান, মামলা হয়েছে, আমরাও আইনি ব্যবস্থা নেবো।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।