মারুফার বলে মুগ্ধ হয়ে যা বললেন মালিঙ্গা

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশী পেসার মারুফা আক্তারের শুরুটা ছিল চমকপ্রদ। তার দুর্দান্ত দুটি ডেলিভারির কারণে প্রথম ম্যাচ শেষ হতেই তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন। শ্রীলঙ্কার কিংবদন্তি ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গা তার বোলিং দেখে বিশেষভাবে মুগ্ধ হয়েছেন। তিনি মারুফার একটি ডেলিভারিকে রীতিমতো বিশ্বকাপের সেরা বল হিসেবে অভিহিত করেছেন।

পাকিস্তানের বিপক্ষে জয় নিশ্চিত করতে সিদরাহ আমিনকে দ্রুত ফেরানোটা ছিল খুবই জরুরি। সিদরাহ তার শেষ চারটি ইনিংসে দুটি শতক এবং একটি অর্ধ-শতক করেছিলেন, যেখানে তার গড় ছিল ৩৩০! সেই তাকে রানের খাতা খুলতেই দেননি মারুফা। এক অসাধারণ ইনসুইং ডেলিভারিতে তিনি সিদরাহকে বোল্ড করেন। এর আগে, তিনি পাকিস্তানের ওপেনার ওমাইমা সোহেলকেও একই কৌশলে আউট করেছিলেন।

মূলত মারুফার এই তীক্ষ্ণ সুইং এবং নিখুঁত নিয়ন্ত্রণই পাকিস্তানের টপ অর্ডারকে ভেঙে দেয়। মারুফা পরবর্তীতে আর কোনো উইকেট পাননি বটে, তবে তার নির্ভুল বোলিং পাকিস্তানকে চাপের মধ্যে রাখে। আর এর ফলেই বাংলাদেশের জয়ের রাস্তা তৈরি হয়। ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কারও তার হাতেই ওঠে।

তার বোলিং দেখে মালিঙ্গা রীতিমতো অভিভূত হয়েছেন। বিশেষ করে সিদরাহ আমিনকে আউট করার বলটি তার চোখে লেগে আছে। মালিঙ্গা নিজের ফেসবুক পাতায় লিখেছেন, “নিখাদ দক্ষতা যাকে বলা যায়! তার নিয়ন্ত্রণও অসাধারণ। এখন পর্যন্ত বিশ্বকাপের এটিই সেরা ডেলিভারি।”

মারুফার চোখেও বিষয়টি ধরা পড়ে। তিনি কিছুক্ষণ পর সেই পোস্টে গিয়ে মন্তব্য করেছেন, “আপনাকে অসংখ্য ধন্যবাদ, কিংবদন্তি!”

মারুফা এবং বাংলাদেশের পরবর্তী চ্যালেঞ্জ হলো এবার ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ৭ অক্টোবর গোয়াটিতে সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে। 

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।