মিরপুরে বাসে আগুন দেয়ার ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর মিরপুরের সেনপাড়ায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেয়ার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- নেছার ও তার সহযোগী দীপু।

মিরপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আগুনের ঘটনার পর গোয়েন্দা নজরদারি শুরু হয়। ঘটনাস্থলের সিসি ক্যামেরা বিশ্লেষণ করে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে শুক্রবার রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে।

এর আগে শুক্রবার সকালে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সকাল ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, শুক্রবার বাস নিয়ে সেনপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন হাতের ইশারা দিয়ে বাস থামাতে বলেন।

থামানোর পর চালক ও তার সহকারীকে পিটিয়ে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। আলিফ পরিবহন থেকে কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। যে কারণে ক্ষুব্ধ হয়ে ছাঁটাই হওয়া কর্মীদের একটি অংশ এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ।

কাফরুল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় একটি মামলা হয়।

প্রাথমিকভাবে গ্রেপ্তাররা বলছেন, পরিবহনের স্টাফদের মধ্যে একটা অভ্যন্তরীণ দ্বন্দ্ব রয়েছে, এর কারণে এ ঘটনা ঘটেছে। আরও দ্বন্দ্ব রয়েছে, সব বিষয় সামনে রেখে আমাদের তদন্ত চলমান রয়েছে।

ওই বাসে যখন দুর্বৃত্তরা আগুন দেয় তখন কোনো গুলি করা হয়েছিল কি না, এমন প্রশ্ন করা হলে ওসি বলেন, আমাদের কাছে প্রাথমিকভাবে এমন অভিযোগ করা হয়েছিল। পরে আমরা তদন্ত করে দেখেছি গুলির অভিযোগটি সত্য নয়। এ সময় কোনো গুলি করা হয়নি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।