খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর ২০২৫
আফগানিস্তানের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে বাংলাদেশি বোলার নাসুম আহমেদ আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। সিরিজ সেরার পুরস্কারজয়ী এই বাঁহাতি স্পিনার এক লাফে এগিয়েছেন ৮৭ ধাপ, উঠে এসেছেন বোলারদের তালিকার ৪৪তম স্থানে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাইফ হাসান, তানজিদ হাসানসহ আরও কয়েকজনের।
বুধবার প্রকাশিত সর্বশেষ হালনাগাদে দেখা যায়, টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ৫২৫ রেটিং পয়েন্ট নিয়ে নাসুম এখন ৪৪ নম্বরে। তানজিম হাসান এগিয়েছেন ৯ ধাপ, অবস্থান ৩৩তম। ২১ ধাপ উন্নতি করে শরিফুল ইসলাম আছেন রোস্টন চেইসের সঙ্গে যৌথভাবে ৪৯ নম্বরে। বাংলাদেশের বোলারদের মধ্যে এখনো শীর্ষে মুস্তাফিজুর রহমান, তিনি রয়েছেন ১২তম স্থানে।
ব্যাটসম্যানদের মধ্যে সাইফ হাসান এগিয়েছেন ১৭ ধাপ, এখন অবস্থান ১৮তম—যা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ। তানজিদ ৬ ধাপ এগিয়ে ৩৭তম, পারভেজ হোসেন ১৮ ধাপ উন্নতি করে ৫৩তম, আর শামীম হোসেন ৮ ধাপ এগিয়ে ৯১তম স্থানে।
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ হোয়াইটওয়াশ করে। সিরিজে পাঁচ উইকেট নেওয়া নাসুম রান দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৫.৫৮ করে। তানজিম হাসান দুই ম্যাচে ৪ উইকেট নিয়ে রান দেন ওভারপ্রতি ৭.২৫, আর শরিফুল ইসলামের প্রাপ্তি দুই উইকেট, ইকোনমি রেট ৫.৭৫।
ব্যাট হাতে ওপেনার তানজিদ হাসান সিরিজে সর্বোচ্চ ৮৬ রান করেন, যার মধ্যে ছিল একটি ফিফটি। তিনে খেলা সাইফের রান ৮২, তিনিও একটি ফিফটি পেয়েছেন। পারভেজ হোসেন একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংসে করেন ৭০ রান, আর শামীমের সংগ্রহ ৩৩।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছেন ভারতের আভিশেক শর্মা। অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির পর ১৩ ধাপ এগিয়ে ঢুকেছেন শীর্ষ দশে, অবস্থান ১০ নম্বরে। একই সিরিজে কিউই ব্যাটার টিম রবিনসন ৫৮ ধাপ এগিয়ে যৌথভাবে ২২তম স্থানে, অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের সঙ্গে।
বোলারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের ভারুন চক্রবর্তী। আফগানিস্তানের রাশিদ খান ৬ ধাপ উন্নতি করে উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। ১০ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড এখন ১৩তম স্থানে।
অলরাউন্ডারদের মধ্যে পাকিস্তানের সাইম আইয়ুব এক ধাপ এগিয়ে ফিরে এসেছেন শীর্ষে।
এছাড়া ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের পারফরম্যান্সও বিবেচনায় এসেছে এই হালনাগাদে। সেঞ্চুরি করে ব্যাটসম্যানদের মধ্যে ৬ ধাপ এগিয়ে ২৫তম স্থানে উঠেছেন রাভিন্দ্র জাদেজা। লোকেশ রাহুল এগিয়েছেন ৪ ধাপ, অবস্থান ৩৫তম। টেস্টে প্রথম সেঞ্চুরি পাওয়া ধ্রুব জুরেল ২০ ধাপ উন্নতি করে ৬৫ নম্বরে।
টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে যথারীতি শীর্ষে ইংল্যান্ডের জো রুট, আর বোলারদের তালিকায় ভারতের জাসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেট নেওয়া মোহাম্মদ সিরাজ এগিয়েছেন ৩ ধাপ, অবস্থান দ্বাদশ। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভ ৪ উইকেট নিয়ে ৭ ধাপ এগিয়ে এখন ২১তম স্থানে।
টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে রয়েছেন জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪৩০, দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের মেহেদী হাসান মিরাজের পয়েন্ট ৩০৫।
খবরওয়ালা/এন