বনশ্রী থেকে ডিবি পরিচয়ে ১ ব্যক্তিকে তুলে নেওয়ার অভিযোগ

রাজধানীর বনশ্রী এলাকার একটি বাসা থেকে আজহার আলী সরকার নামে এক ব্যক্তিকে ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার। 

শুক্রবার (১০ অক্টোবর) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।

পরিবারের অভিযোগ, বনশ্রীর এ–ব্লকের শান্তা টাওয়ারের নবম তলার বাসায় সাদা পোশাকে একটি দল অভিযান চালায়। নিজেদের ডিবি সদস্য হিসেবে পরিচয় দেওয়া ওই দলের দুজনের পরনে ‘র‌্যাব’ লেখা জ্যাকেটও ছিল। তারা প্রথমে আজহার আলীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করে, পরে তাকে আটক করে নিয়ে যায়।

আজহার আলীর স্ত্রী রুখসানা পারভীন বলেন, “তারা জানায়, মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। ফোন জব্দের একটি লিখিত কপি দিয়ে যায়, যেখানে ডিবি উত্তরা জোনের এসআই শওকত হোসেনের স্বাক্ষর রয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “আমরা ঘটনার সময় মোবাইলে ভিডিও ধারণ করছিলাম। কিন্তু তারা ফোন নিয়ে সেই ভিডিও মুছে দেয়।”

রুখসানা পারভীন জানান, তার স্বামী একসময় সাংবাদিকতা করতেন, তবে বর্তমানে কোনো গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলেন না।

এদিকে আজহার আলী সরকারকে আটকের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নিশ্চিত করেনি। ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বলেন, “আমাদের একটি অভিযানিক দল বাইরে রয়েছে। তবে তারা আটক করেছে কি না, সেটি এখনো নিশ্চিত নয়। তারা ফিরলে বলা যাবে।”

রাত সাড়ে ১১টা পর্যন্তও আজহার আলী সরকারকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।