খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 26শে আশ্বিন ১৪৩২ | ১১ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
বরিশালের মেহেন্দীগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের সময় দুই জেলে দলের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলের ওই সংঘর্ষের পর থেকে নিখোঁজ থাকা জেলে শাকিল হাওলাদার (২৫)-এর মরদেহ শনিবার (১১ অক্টোবর) দুপুরে কালাবদর নদী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় অন্তত ১৫ জেলে আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে জাঙ্গালিয়া ইউনিয়নের হাজিরহাট এলাকায় কালাবদর নদীতে কয়েকটি ট্রলার নিয়ে জেলেরা মা ইলিশ শিকারে নামেন। জাল ফেলা নিয়ে দুই দলের মধ্যে বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির একপর্যায়ে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১৫ জন আহত হন এবং শাকিল নিখোঁজ হয়ে যান।
শনিবার সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় শাকিলের মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ভাই রবিউল ইসলাম বলেন, ‘আমরা নৌকা নিয়ে নদীতে জাল ফেলছিলাম। এ সময় অন্য দলের জেলেরা আমাদের জাল তুলে তাদের জাল ফেলতে চায়। ধাক্কাধাক্কির সময় আমার ভাই মাথায় আঘাত পেয়ে নদীতে পড়ে যায়। এরপর আর তাকে খুঁজে পাইনি।’
সংঘর্ষে আহতদের মধ্যে রবিউল ইসলাম, জসীম হাওলাদার ও জাহিদ ঘরামী রয়েছেন। তাদের মধ্যে জসীম হাওলাদার মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
জাঙ্গালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আ. কাদের ফরাজী বলেন, নিষেধাজ্ঞা চলাকালেও অনেক জেলে মাছ ধরতে যায়। জাল ফেলা নিয়ে তাদের মধ্যে প্রতিযোগিতা ও বিরোধের কারণেই এই সংঘর্ষ ঘটে।
উপজেলা মৎস্য কর্মকর্তা ওমর সানি বলেন, মা ইলিশ রক্ষায় কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। সংঘর্ষের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর আওতায় রয়েছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, অবৈধভাবে ইলিশ শিকারের সময় দুই দলের মধ্যে সংঘর্ষে শাকিল হাওলাদার নিহত হয়েছেন। ঘটনার তদন্ত চলছে।
খবরওয়ালা/এন