খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১১ অক্টোবর ২০২৫
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশে অবস্থিত জাতীয় স্টেডিয়ামে গান-বাজনা হওয়ায় এটিকে অন্য জায়গায় সরিয়ে ফেলতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে তিনি এই দাবি জানান।
মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, জাতীয় মসজিদের পাশে থাকা স্টেডিয়ামে গান-বাজনা হয় এবং খেলার নাম বলে বিনোদনের ছদ্মবেশে অ-ইসলামিক কার্যক্রম চলে। তাই মসজিদের আশপাশে নাচ-গান বা কোনো ধরনের সঙ্গীত অনুষ্ঠান করতে দেওয়া উচিত নয়।
আন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এই সরকারের উচিত প্রয়োজনে বায়তুল মোকাররম মসজিদের পাশ থেকে জাতীয় স্টেডিয়াম সরিয়ে অন্য কোথাও স্থানান্তর করা। স্টেডিয়ামের এই জায়গাকে সরকারি অন্য কোনো গুরুত্বপূর্ণ অফিস, আদালত স্থাপন করে কাজে লাগানোর জন্য আমি সরকারের জোর দাবি জানাচ্ছি।’
মুফতি সুলতান মহিউদ্দিন আরও বলেন, ‘এই দেশের মুসলমানরা ইসলামের জন্য, কোরআনের জন্য প্রয়োজনে জীবন দিতে রাজি আছে। ইসলামের অবমাননা, নবীর অবমাননা, কোরআনের অবমাননা আমরা বরদাশত করব না।’
খবরওয়ালা/এন