খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 3শে কার্তিক ১৪৩২ | ১৮ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট। আগুন নেভাতে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীও।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শাহজালালের কার্গো সেকশনে সংঘটিত অগ্নিনির্বাপণে বাংলাদেশ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট কাজ করছে। এ ছাড়া বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছেন।
ফায়ার সার্ভিসের সর্বশেষ তথ্যমতে, আগুন নিয়ন্ত্রণে তাদের ৩০টি ইউনিট কাজ করছে, আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছাচ্ছে। শনিবার দুপুর আড়াইটার দিকে কার্গো সেকশনে আগুন লাগে বলে জানা গেছে।
আগুন লাগার পর থেকেই বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফ্লাইট রাডারেও ঢাকা আকাশসীমায় বিমান চলাচল বন্ধ দেখা যাচ্ছে।
অগ্নিকাণ্ডের কারণে সৌদি আরবের রিয়াদ থেকে ঢাকাগামী একটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দরের একটি সূত্র জানিয়েছে, ঢাকাগামী আরও কিছু ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো সেকশনের পাশে একটি অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌবাহিনী ও বিমানবাহিনী কাজ করছে। তিনি আরও জানান, যেই সেকশনে আগুন লেগেছে, সেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
খবরওয়ালা/এন