খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে পুনরায় চালু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রুত ও সমন্বিত উদ্যোগে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে আগুন সম্পূর্ণ নেভানো হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা নিজে বিমানবন্দরে অবস্থান করে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছেন। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এতে আরও বলা হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। আগুনের উৎস শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিমানবন্দর ব্যবহারকারী যাত্রী ও সাধারণ জনগণকে সহযোগিতা ও ধৈর্য ধারণের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।