খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
এবার পর্যটন শহর কক্সবাজারের একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (সিবিআইইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে কলাতলী ডলফিন মোড় এলাকায় বিশ্ববিদ্যালয়ের ভাড়াকৃত ভবনে এই দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট। প্রায় এক ঘণ্টার চেষ্টার পর রাত ৯টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার জাহাঙ্গীর সেলিম জানান, ইসলামিক স্ট্যাটিজ ডিপার্টমেন্টের একটি কম্পিউটারের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এসময় কয়েকটি কম্পিউটার ও কিছু বই পুড়ে গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।
অগ্নিকাণ্ডের খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার কারণে বিপুল মানুষ ঘটনাস্থলে জড়ো হলে ফায়ার সার্ভিসের কাজ করতে কিছুটা অসুবিধা হয়।
উল্লেখ্য, শনিবার সারাদিন দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। এর মধ্যেই সিবিআইইউতে আগুন লাগার ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।
খবরওয়ালা/আশ