খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডসহ সম্প্রতি রাজধানী ও চট্টগ্রামে পরপর তিনটি অগ্নিকাণ্ডের ঘটনার পরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বিমানবন্দরে আগুন লাগার পর মৌখিক নির্দেশে কেপিআই (কি পয়েন্ট ইনস্টলেশন) এলাকায় অতিরিক্ত টহল ও নিরাপত্তা বৃদ্ধি করা হয়।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা তদারকির জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম দুপুরে বলেন, ‘দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সারা বছরই নিরাপত্তা জোরদারের নির্দেশনা থাকে। কেপিআই এলাকার নিরাপত্তায় পুলিশসহ অন্যান্য সংস্থা একসঙ্গে কাজ করছে।’
সরকারি তথ্যে বলা হয়, বর্তমানে সারা দেশে বঙ্গভবন, গণভবন, জাতীয় সংসদ, সচিবালয়, বিমানবন্দর, বিদ্যুৎকেন্দ্রসহ মোট ৫৮৭টি স্থাপনা কেপিআই হিসেবে চিহ্নিত। ২০১৩ সালের সংশোধিত নীতিমালায় এসব স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিয়মিত টহল, প্রতিবেদন পাঠানো, সিসিটিভি, ভেহিকেল সার্চ মিরর ও লাগেজ স্ক্যানার স্থাপনের নির্দেশ রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশ্লেষক অধ্যাপক তৌহিদুল হক বলেন, ‘বিমানবন্দর বা ইপিজেডের মতো স্থানে দীর্ঘসময় ধরে আগুন জ্বলানো অস্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংস্থাগুলো প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্ত করে এর পেছনের রহস্য উদ্ঘাটন করা উচিত।’