প্লেনের ভেতর যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন, অল্পের জন্য রক্ষা

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগমুহূর্তে একটি প্লেনের ভেতর যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুনের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে কেবিন ক্রুরা আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা যায়, রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১০৭ প্লেনটি ট্যাক্সিং করার সময় এক যাত্রীর পাওয়ার ব্যাংকে আগুন ধরে যায়। তবে কেবিন ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

ইন্ডিগোর এক বিবৃতিতে বলা হয়েছে, দিল্লি থেকে দিমাপুরগামী আমাদের ৬ই ২১০৭ ফ্লাইটটি যাত্রীর আসনের পকেটে রাখা একটি ইলেকট্রনিক যন্ত্র থেকে অল্পমাত্রার আগুন লাগায় পার্কিং এলাকায় ফিরে আসে। ক্রুরা নির্ধারিত প্রটোকল অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেন, ফলে কয়েক সেকেন্ডের মধ্যেই আগুন নিভে যায়।

সংস্থাটি জানায়, ঘটনার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয় এবং প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা শেষে প্লেনটি ফের উড্ডয়নের অনুমতি পায়।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, এয়ারবাস এ৩২০ নিও প্লেনটি দুপুর ২টা ৩৩ মিনিটে দিল্লি থেকে উড্ডয়ন করে বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।

ইন্ডিগো জানিয়েছে, যাত্রীরা পুরো ঘটনার সময় শান্ত ছিলেন এবং সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা জানা যায়নি।

এর আগে, গত সপ্তাহে চীনের এয়ার চায়নার একটি প্লেনে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ফ্লাইটটি হাংজু থেকে সিউল যাচ্ছিল।

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।