আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: 5শে কার্তিক ১৪৩২ | ২০ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমান সিনেটর হুন সেন অভিযোগ করেছেন, থাইল্যান্ড বিতর্কিত সীমান্ত এলাকায় লাউডস্পিকারে ‘ভূতের মতো আওয়াজ’ বাজাচ্ছে। তিনি আরও জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ব্যাংকক মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছে বলে দেশটির মানবাধিকার কমিশন অভিযোগ তুলেছে।
শনিবার (১৮ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে হুন সেন জানান, গত ১১ অক্টোবর থাইল্যান্ডের বিরুদ্ধে মানবাধিকার কমিশনের পক্ষ থেকে একটি অভিযোগপত্র জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সীমান্তবর্তী কয়েকটি গ্রামের স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দারা জানিয়েছেন—থাই সেনারা রাতভর লাউডস্পিকারে ‘ভূতের আর্তনাদের মতো শব্দ’ বাজাচ্ছে, যা কখনও কখনও বিমান ইঞ্জিনের গর্জনের মতো শোনায়।
মানবাধিকার কমিশনের দাবি, এই ভয়ঙ্কর শব্দ দীর্ঘ সময় ধরে বাজানোর কারণে সীমান্ত অঞ্চলের মানুষের ঘুমের ব্যাঘাত ঘটছে, মানসিক অস্থিরতা বাড়ছে এবং শারীরিক অস্বস্তিও তৈরি হচ্ছে।
কমিশন আরও সতর্ক করেছে, এই কর্মকাণ্ড প্রতিবেশী দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে। তবে থাই সরকার এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত জুলাই মাসে দুই দেশের মধ্যে পাঁচ দিনের সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত এবং প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়। কয়েক মাসের মধ্যেই থাইল্যান্ডের বিরুদ্ধে এই নতুন অভিযোগ আনলো কম্বোডিয়া।