অস্ত্রের মুখে হিমাগারে ডাকাতি, ১২ লাখ টাকা লুট

রংপুরের তারাগঞ্জে এক হিমাগারে নৈশপ্রহরী ও কর্মচারীদের অস্ত্রের মুখে বেঁধে রেখে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার ইকরচালী এলাকার এনএন হিমাগারে এ ঘটনা ঘটে। ডাকাতরা সিন্দুক ভেঙে প্রায় সাড়ে ১২ লাখ টাকা ও মালপত্র লুট করে নিয়ে যায়।

হিমাগার কর্তৃপক্ষ জানায়, রাত ২টার দিকে একদল ডাকাত হিমাগারে প্রবেশ করে নৈশপ্রহরী সোহেল রানা, মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম এবং সুজন বাবুকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। পরে অফিসকক্ষে ঢুকে সিন্দুক ভেঙে ১২ লাখ ৫৪ হাজার ৯২০ টাকা, একটি ৪২ ইঞ্চি রঙিন টেলিভিশন এবং সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়।

মেশিন অপারেটর মঞ্জুরুল ইসলাম বলেন, “হিমাগারে প্রবেশ করেই ডাকাতরা আমাদের তিনজনকে অস্ত্রের মুখে বেঁধে ফেলে। আমাদের দুজনকে অফিসকক্ষে নিয়ে যায় এবং মেশিন রুম থেকে শাবল আনতে গিয়ে সুজনকেও অফিসে নেয়। পরে সিন্দুক ভেঙে টাকা, টিভি ও সিসিটিভি ক্যামেরার মেশিন নিয়ে যায়। তাদের মুখ মাঙ্কি টুপি দিয়ে ঢাকা ছিল।”

হিমাগারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানান, রাত আড়াইটার দিকে হিমাগার থেকে ফোনে ডাকাতির খবর পাই। সঙ্গে সঙ্গে বিষয়টি থানায় জানাই। ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

তারাগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।