খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুরে পুলিশ বক্সের সামনে ফের ডাকাতির চেষ্টা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত ৩টার দিকে মোকামতলা–জয়পুরহাট সড়কে রাস্তার গাছ কেটে ব্যারিকেড সৃষ্টি করে ডাকাতির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। তবে টহলরত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, ওই স্থানে গত কয়েক মাসে অন্তত তিনবার এভাবে গাছ কেটে ডাকাতির চেষ্টা করা হয়েছে। মঙ্গলবার রাতেও ৭–৮ জনের একটি দল রাস্তার দুই পাশে দুটি বড় গাছ কেটে ফেলে ব্যারিকেড দেয়। এতে বাস ও ট্রাকসহ একাধিক যানবাহন আটকে পড়ে এবং কিছু বাসে ডাকাত দল হামলা চালিয়ে গ্লাস ভাঙচুর করে। তবে দ্রুত পুলিশ পৌঁছানোয় যাত্রীরা রক্ষা পান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান শাহিন বলেন, ‘গত কয়েক মাস ধরে একই স্থানে বারবার গাছ কেটে ডাকাতির চেষ্টা হচ্ছে। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণের সঙ্গে সমন্বয় করে রাত্রিকালীন পাহারার ব্যবস্থা করা হয়েছে। পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও মোতায়েন করা হয়েছে।’
তিনি আরও জানান, সড়কের দুই পাশের জংলি গাছ কেটে ফাঁকা করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।