খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 21শে কার্তিক ১৪৩২ | ৫ই নভেম্বর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
সারা বছর মাত্র ১০০ টাকায় দেশের রেজিস্টার্ড শিক্ষার্থী এবং তাঁর পরিবারের সদস্যরা টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবেন। শিক্ষাসামগ্রী সরবরাহকারী প্রতিষ্ঠান কাগজবাড়ি এবং টেলিমেডিসিন সেবা প্রদানকারী মেডিকো বায়ো শিক্ষার্থীদের জন্য এই সুবিধা নিশ্চিত করেছে। শিক্ষা ও স্বাস্থ্য খাতে অবদান রাখতে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মেডিকো বায়োর করপোরেট অফিসে দুই প্রতিষ্ঠান সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই উদ্যোগ দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
চুক্তির মাধ্যমে কাগজবাড়ি দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বল্পমূল্যে আইডি কার্ড প্রদান করবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান কাগজবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ হবে, তারা মেডিকো বায়োর মাধ্যমে সারা বছর মাত্র ১০০ টাকায় টেলিমেডিসিন সেবা গ্রহণ করতে পারবে। এই সেবার আওতায় রেজিস্টার্ড শিক্ষার্থীসহ পরিবারের সদস্যরাও চিকিৎসা সুবিধা পাবেন।
দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানে বছরে চারটি ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হবে। মেডিকো বায়োর অ্যাপসের মাধ্যমে একজন শিক্ষার্থী ও তাঁর পরিবারের সদস্যরা ২৪ ঘণ্টা অডিও ও ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।
এছাড়া ডিজিটাল প্রেসক্রিপশন, অ্যাম্বুলেন্স সার্ভিস, হাসপাতাল ও ডায়াগনস্টিক ফার্মেসিতে বিশেষ ছাড়, ওষুধ হোম ডেলিভারি, ল্যাব রিপোর্ট আপলোড সুবিধা এবং মেডিসিন রিমাইন্ডার সুবিধাও প্রদান করা হবে। এই সেবাগুলো কেবল কাগজবাড়ির সঙ্গে চুক্তিবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রযোজ্য।
সমঝোতা স্মারক অনুষ্ঠানে কাগজবাড়ির পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান কবীর, পরিচালক জাহিদ আনোয়ার ও মো. শাহ আলম, এক্সিকিউটিভ অফিসার শাখিরুজ্জামান। মেডিকো বায়োর পক্ষে উপস্থিত ছিলেন পরিচালক মো. মেশকাতুর রহমান বাঁধন এবং সিওও মো. নাজমুল আলম নোমানসহ অন্যান্যরা।
উল্লেখ্য, কাগজবাড়ি ইতিমধ্যেই ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ড শিক্ষা সামগ্রী ডোনেশন ক্যাম্পেইন-২০২৫’ ঘোষণা করেছে। এ ক্যাম্পেইনে ১২ ঘণ্টায় দেশব্যাপী ১ হাজার ৫০০ স্কুলে প্রায় সাড়ে ৪ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে এক মাসের শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে। এটি ২০২২ সালের যুক্তরাষ্ট্র ও ভারতের যৌথভাবে গড়া বিশ্বরেকর্ড ভেঙে বাংলাদেশে নতুন বিশ্বরেকর্ড স্থাপন করবে।
খবরওয়ালা/টিএসএন