খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ১১ই নভেম্বর ২০২৫, ৬:১৯ পিএম
আফগান ক্রিকেট তারকা রশিদ খান তিন মাস আগে তার দ্বিতীয় বিয়ে করেছেন বলে স্বীকার করেছেন। কয়েক দিন আগে এক দাতব্য অনুষ্ঠানে রশিদকে একটি মহিলার সঙ্গে দেখা যায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন শুরু হয়। তবে, গত রাতে ইনস্টাগ্রামে রশিদ নিজেই জানিয়েছেন যে ওই নারী তার স্ত্রী।
রশিদ তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, “২০২৫ সালের ২ আগস্ট আমি জীবনের একটি নতুন এবং অর্থপূর্ণ অধ্যায় শুরু করেছি। আমি এমন একজন নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছি, যিনি ভালোবাসা, শান্তি ও সম্পর্কের প্রতীক। এটাই আমি সবসময় আশা করতাম।”
রশিদ আরও লেখেন, “সম্প্রতি আমি আমার স্ত্রীকে একটি দাতব্য অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম। দুঃখজনক যে, এমন একটি সাধারণ বিষয় নিয়েও নানা অনুমান শুরু হয়েছে। সত্যিটা খুব সহজ – তিনি আমার স্ত্রী, এবং আমরা একসঙ্গে আছি। কিছুই লুকোনো নেই। আমাদের প্রতি সদয় ও সহানুভূতিশীল সকলকে ধন্যবাদ।”
রশিদ তার পোস্টে দ্বিতীয় বিয়ে সম্পর্কে কোনো কথা না বললেও, পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়া নিউজ সহ একাধিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে, এটি তার দ্বিতীয় বিয়ে।
এর আগে, গত বছরের অক্টোবর মাসে কাবুলে রশিদের প্রথম বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে একসঙ্গে বিয়ে করেন রশিদ এবং তার তিন ভাই – আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খান।
সেই অনুষ্ঠানে আফগান ক্রিকেট দলের বেশ কিছু তারকা উপস্থিত ছিলেন, যেমন – মোহাম্মদ নবী, মুজিব-উর-রেহমান, আজমতউল্লাহ ওমরজাই, নজিবউল্লাহ জাদরান, রহমত শাহ, ফজলহক ফারুকি, এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মিরওয়াইজ আশরাফ ও প্রধান নির্বাহী নাসিব খান।
মন্তব্য