৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে দেশের বিচারকরা কলম বিরতির হুঁশিয়ারি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (BJSA) জানিয়েছে, সব আদালত, বিচারকের বাসস্থান ও যাতায়াতের সময় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতসহ দুই দাবির পূর্ণ বাস্তবায়ন না হলে আগামী রবিবার থেকে দেশের সকল বিচারক একযোগে কলম বিরতি পালন করবেন।

শুক্রবার BJSA-এর সভাপতি মো. আমিরুল ইসলাম ও মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

অন্য একটি দাবি হলো, রাজশাহীর ঘটনায় বিচারকের নিরাপত্তা নিশ্চিত করতে অবহেলার সঙ্গে সম্পৃক্ত পুলিশ সদস্যদের কঠোর ব্যবস্থা নেওয়া এবং গ্রেপ্তার আসামিকে আইন বহির্ভূতভাবে মিডিয়ার সামনে উপস্থাপনের দায়ে সংশ্লিষ্টদের শাস্তি প্রদান করা।

বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের বাসভবনে দুর্বৃত্তের নৃশংস ছুরিকাঘাতে তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৮) নিহত ও স্ত্রী তাসমিন নাহার গুরুতর আহত হয়েছেন। BJSA শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়ে নিহতের আত্মার মাগফিরাত কামনা করছে। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডে বিচার বিভাগ স্তম্ভিত ও বাকরুদ্ধ। দেশের বিচারকরা এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন।

দেশের প্রত্যেক আদালত, ট্রাইব্যুনাল প্রাঙ্গণ, এজলাস, বিচারকের বাসভবন ও গাড়িতে নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকারের কাছে সুপ্রিম কোর্ট থেকে বারবার পত্র প্রেরণ করা হলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। জেলা পর্যায়ের বিচারকদের জন্য পর্যাপ্ত সরকারি আবাসন ও পরিবহন ব্যবস্থা নেই, চৌকি আদালতে কর্মরত বিচারকদের অবস্থাও শোচনীয়।

বিচারকদের বাধ্য হয়ে অরক্ষিত বাসায় ভাড়া থাকা, রিকশা বা ভ্যানে করে যাতায়াত করা, এমনকি পায়ে হেঁটে যাতায়াতের মতো পরিস্থিতি বিরল নয়। দীর্ঘদিন ধরেই বিচার বিভাগ এই উদাসীনতা ও গাফিলতের বিষয়টি তুলে ধরলেও রাষ্ট্র কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। ফলে আজ বিচারক পরিবারের ওপর এ করুণ বিপর্যয় নেমেছে। রাষ্ট্র ও জনগণের নিরাপত্তা রক্ষায় বিচারকরা নিয়োজিত থাকলেও তাদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হয়নি।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।