রাজশাহীতে বাসায় ঢুকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে তাওসিফ রহমান সুমন (১৯) হত্যার ঘটনায় অভিযুক্ত লিমন মিয়া (৩৫) পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে বিচারক মামুনুর রশিদ রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মেট্রোপলিটন কোর্ট ইন্সপেক্টর আবদুর রফিক।
আসামি লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ি থানার মদনেরপাড়ার এইচ এম সোলায়মান শহীদের ছেলে। এর আগে নিহত সুমনের বাবার করা মামলায় লিমনকে গ্রেপ্তার দেখিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে আদালতে তোলা হয়। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকার একটি ভাড়া বাসায় খুন হন বিচারক আব্দুর রহমানের ছেলে তাওসিফ। একই ঘটনায় আহত হন হামলাকারী লিমন মিয়া ও তাওসিফের মা তাসমিন নাহার লুসী। ঘটনার পর থেকেই তারা রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এ ঘটনায় শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে রাজপাড়া থানায় নিহতের বাবা আব্দুর রহমান বাদী হয়ে লিমনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এর আগে একইদিন সকালে সুমনের মরদেহের ময়নাতদন্ত শেষে দুপুরে রামেক হাসপাতাল থেকে মরদেহটি দাফনের জন্য জামালপুরে নিয়ে যায় তার পরিবার।
খবরওয়ালা/এসএস



