কুষ্টিয়ায় নৌকাডুবিতে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারার মোকারমপুর ইউনিয়নের ইসলামপুরে পদ্মা নদীতে ডিঙি নৌকাডুবির ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। মৃত কৃষকদের নাম আব্দুর রশিদ (৫৮) ও মামুন হোসেন (২৭)। তারা আখ ক্ষেতে কাজ করতে নৌকাতে করে পদ্মা নদীর শাখা অংশ পার হচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রশিদ, মামুন, শরিফুল এবং ইউসুফ পদ্মা নদীর ইসলামপুর চর এলাকার আখ ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। তারা সবাই মামুনের ছোট ডিঙি নৌকাতে করে পদ্মা নদীর শাখা পার হচ্ছিলেন। মাঝপথে নৌকাটি হঠাৎ ডুবে যায়। এ সময় শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে পার হয়ে যান, কিন্তু আব্দুর রশিদ ও মামুন হোসেন নদীতে ডুবে যান এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

পরবর্তীতে স্থানীয়রা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে ভেড়ামারা থানা এবং লক্ষীকুন্ডা নৌ পুলিশ উপস্থিত হয়।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল রব তালুকদার জানান, “মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে চারজন কৃষক পদ্মা নদীর শাখা পেরিয়ে আখ ক্ষেতে কাজ করতে যাচ্ছিলেন। নৌকাটি ডুবে গেলে শরিফুল ইসলাম ও ইউসুফ আলী সাঁতার কেটে পার হয়ে যান, কিন্তু সাঁতার না জানায় আব্দুর রশিদ ও মামুন হোসেনের মৃত্যু হয়।”

লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম বলেন, “ডিঙি নৌকাটি পারাপারের সময় দুজন কৃষকের মৃত্যু হয়েছে। স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে দাফনের ব্যবস্থা করা হবে।”

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।