খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে কোনো অস্থিরতার আশঙ্কা নেই জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, গতবারের মতো এবারের বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না।
বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত সার্বিক নিরাপত্তা সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর কিছুটা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলেও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রায়ের পরে কোনো ধরনের অশান্তি দেখা যায়নি এবং বিজয় দিবসেও কোনো অস্থিরতার সম্ভাবনা নেই।
তিনি বলেন, আগের বছরের মতো এবারের উদযাপনও সুষ্ঠু হবে এবং পরিস্থিতি আগের চেয়ে আরও ভালো হবে। তবে গতবার প্যারেড হয়নি, এবারও হবে না।
এছাড়া তিনি আশা প্রকাশ করেন, জাতীয় বিজয় দিবস সবাই শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারবে।
গ্রেপ্তারি পরোয়ানা ছাড়া কাউকে তুলে নেওয়া ঠিক নয়, তবে গত রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেওয়া হয়েছিল এবং সকালে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই তথ্য প্রথমবার আপনার কাছে শুনলাম, তদন্তের পরে সম্ভবত জানতে পারব।”
পুলিশের কোনো ভুল হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে বিষয়টি খতিয়ে দেখবেন।
খবরওয়ালা/টিএসএন