খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
গাজার উপর যুদ্ধবিরতির পরেও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে। ১০ অক্টোবর হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও যুদ্ধবিরতি চলাকালীন সময়ে দখলদার বাহিনীর আগ্রাসন থামেনি, যা বর্তমানে ফিলিস্তিনিদের জন্য চরম সংকট সৃষ্টি করেছে। খবর বিবিসি।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে এবং এর ফলে এখন পর্যন্ত ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৬৫২ জন।
এদিকে, দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ১৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। অপরদিকে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী এক শিশু এবং আল জাজিরার এক সাংবাদিককে গুলি করেছে।
মঙ্গলবার, অধিকৃত পশ্চিম তীরে গাড়ি চাপা ও ছুরিকাঘাতে একজন নিহত এবং তিনজন আহত হয়। ২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায়। এই হামলায় ১,১৩৯ জন নিহত এবং প্রায় ২০০ জনকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।
প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলের ভয়াবহ আগ্রাসনে অন্তত ৬৯,৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৭০৬ জন আহত হয়েছে।
ইসরায়েলি মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস জানিয়েছে, গত দুই বছরে অন্তত ৯৪ ফিলিস্তিনি বন্দি ইসরায়েলি কারাগারে মারা গেছেন। সংস্থাটি তাদের নতুন প্রতিবেদনে জানিয়েছে যে, এই মৃত্যু গুলো পদ্ধতিগত হত্যাকাণ্ডের অংশ হতে পারে, যা গোপন করার চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলি কারাগারে গত ১০ বছরে ৩০ ফিলিস্তিনি মারা গেছেন এবং বর্তমানে ঘটিত মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতন, চিকিৎসা সেবা অস্বীকার অথবা উভয়ের সংমিশ্রণ থাকতে পারে।
ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে, তারা আইন অনুযায়ী বন্দিদের পরিচালনা করে।
তথ্যসূত্র: বিবিসি
খবরওয়ালা /এসএস