যুদ্ধবিরতির বর্ষপূর্তিতে লেবাননে নতুন ইসরায়েলি হামলা

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে দেশটিতে আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর এএফপির।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলের জেজিন এলাকার আল-মাহমুদিয়া ও আল-জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে হিজবুল্লাহর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং এসব অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, হিজবুল্লাহর অস্ত্র মজুত ছিল এমন বহু উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি ও অস্ত্রভান্ডারেও হামলা চালানো হয়েছে। ইরান-সমর্থিত এই গোষ্ঠীর সামরিক সক্ষমতা দুর্বল করতেই এ অভিযান পরিচালিত হয়েছে বলে দাবি ইসরায়েলের।

ইসরায়েলি সেনাবাহিনী জানায়, দেশের জন্য যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গাজায় যুদ্ধ শুরুর পর এক বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা প্রশমনে ২০২৪ সালের ২৭ নভেম্বর হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল। সেই চুক্তির বর্ষপূর্তির দিনেই দক্ষিণ লেবাননে হামলা চালানো হয়।

যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েল লেবাননে একাধিকবার হামলা চালিয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই তারা দাবি করে, হিজবুল্লাহর সদস্য ও অবকাঠামো লক্ষ্য করেই অভিযান পরিচালিত হচ্ছে; যাতে গোষ্ঠীটি পুনরায় অস্ত্র সংগ্রহ করতে না পারে।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে—যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে—সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে।

লেবানন সরকারের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছর শেষ হওয়ার আগেই দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সব সামরিক অবকাঠামো অপসারণ করবে দেশটির সেনাবাহিনী। এরপর দেশের অন্যান্য অংশেও একই প্রক্রিয়া বাস্তবায়ন শুরু হবে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।