খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
ঝিনাইদহের পবহাটি এলাকায় পারিবারিক বিরোধ মর্মান্তিক হত্যাকাণ্ডে রূপ নিয়েছে। আজ শনিবার দুপুরে ব্যবসায়ী মুরাদ হোসেনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয়দের অভিযোগ—এটি ছিল আগেই পরিকল্পিত একটি প্রতিশোধমূলক আক্রমণ।
জানা যায়, মৃত আফজাল হোসেনের কুলখানিকে কেন্দ্র করে মুরাদের সঙ্গে তাঁর চাচাতো ভাই আলম মণ্ডলের বাগবিতণ্ডা তৈরি হয়। শুক্রবার সন্ধ্যায় তা সংঘর্ষে রূপ নেয়। আর তার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আলমের ছেলে সৌরভ তিনটি মোটরসাইকেল নিয়ে সহযোগীদের সঙ্গে এসে মুরাদের ওপর হামলে পড়ে। দেশি অস্ত্র দিয়ে মুরাদকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও হাসপাতালে নেওয়ার আগেই রক্তক্ষরণে তার অবস্থা সংকটজনক হয়ে পড়ে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনা ঝিনাইদহজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘাতকদের ধরতে বিশেষ অভিযান চলছে।