খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
রাজধানীর রূপনগরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও প্রাইভেট কারসহ ডাকাত দলের ছয় সদস্যকে রূপনগর থানার পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে থানা-পুলিশের টহল দল তাদের গ্রেপ্তার করে।
ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের রবিবার প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: তামিম ওরফে নাজমুল ইসলাম (২০), মো. রাসেল হোসেন (৩২), গোলাম রাব্বী (১৯), ইয়াসিন বাবু (২০), মো. জুয়েল (২৬) ও মো. রুবেল হোসেন (৩৫)।
ডিএমপি জানায়, রূপনগর থানার বেরুলিয়া বেড়িবাঁধ এলাকায় নিয়মিত টহল কার্যক্রমের সময় পুলিশের একটি দল একটি সন্দেহজনক প্রাইভেট কার দেখতে পায়। গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর পর ভেতর থেকে দেশীয় অস্ত্র—গ্র্যান্ড হারভেস্ট মাল্টিফাংশনাল আউটডোর ছুরি ও কাঠের বাঁটযুক্ত ছুরি উদ্ধার করা হয়।
গাড়িতে থাকা ছয়জনের কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করে।
পুলিশ জানায়, ঘটনায় ব্যবহৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে রূপনগর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
এ ছাড়া, ডিএমপি জানিয়েছে, আরেক অভিযানে মো. সাব্বির (১৮) নামে একজনকে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।
খবরওয়ালা/এসএস