কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বিশেষ প্রতিনিধি ॥ লাখ লাখ টাকা বিদ্যুৎ বিল না দেওয়ায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. (ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড) কুষ্টিয়া।

ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছর ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৬ মাসে বকেয়া বিল হয়েছে ৩০ লাখ টাকা। একইভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসাসেবা চালু না হলেও এ ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। যার একটি টাকাও পরিশোধ করা হয়নি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুর ১২টায় বকেয়া বিল আদায়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বকেয়া বিদ্যুৎ বিলের বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম জানান, বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো লি. কুষ্টিয়ার ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ১সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিদ্যুৎ বিল পরিশোধের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। এজন্য বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে উভয়পক্ষের মধ্যে আলোচনা করে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া বিল পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।