খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 22শে শ্রাবণ ১৪৩২ | ৬ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
মানিকগঞ্জ সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পূর্ব শানবান্ধা গ্রামে এক আওয়ামী লীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মুখোশধারী একদল ডাকাত গ্রিল কেটে ঘরে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে বাসার সদস্যদের জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
মঙ্গলবার (৫ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রাজা মিয়া জানান, প্রায় ১২-১৪ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল তার বাড়িতে হামলা চালায়। তারা আলমারি ভেঙে প্রায় ১৮ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১২ লাখ টাকা নিয়ে যায়।
রাজা মিয়া পেশায় কাঠ ব্যবসায়ী এবং বালিরটেক বাজার বণিক সমিতির সভাপতি। তার ছেলে সানজিদ আহমেদ সুমন ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সুমন গত বছরের ৫ আগস্ট থেকে দেশের বাইরে রয়েছেন।
সুমনের স্ত্রী হোয়াটসঅ্যাপে জানান, ডাকাতরা চাপাতির মুখে তাকে ও সন্তানদের জিম্মি করে রাখে এবং চিৎকার করলে ক্ষতি করার হুমকি দেয়। পরে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে চলে যায় তারা।
খবর পেয়ে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানউল্লাহ। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে।”
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার ও নিরাপত্তার দাবি জানিয়েছে।
খবরওয়ালা/টিএসএন