আজ ঘোষণা হবে জকসু নির্বাচনের তপশিল

আজ বুধবার আনুষ্ঠানিকভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে। একই সঙ্গে নির্বাচনের চূড়ান্ত আচরণবিধি প্রকাশ করা হবে।

মঙ্গলবার দুপুর বারোটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার (৫ নভেম্বর) জকসু নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে এবং সেই সঙ্গে নির্বাচনের তারিখও জানা যাবে। “আমরা বুধবার নির্বাচনের আচরণবিধি চূড়ান্তভাবে প্রকাশ করব। তপশিল ও আচরণবিধি নিয়ে কাজ চলছে। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। বুধবার আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সবকিছু জানানো হবে।”

বিভিন্ন ছাত্র সংগঠনের দাবি-দাওয়া সম্পর্কে কমিশনের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, “আমরা তাদের দাবিগুলো শুনেছি। তবে এ বিষয়ে অতিরিক্ত কোনো মন্তব্য করা সমীচীন মনে করছি না।”

এর আগে ৩০ অক্টোবর রাতে জকসু নির্বাচনের খসড়া আচরণবিধি প্রকাশ করা হয়। এতে প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডোপটেস্ট বাধ্যতামূলক করার বিষয়টি উল্লেখ করা হয়েছে। গত রোববার আচরণবিধি এবং নির্বাচনের তারিখ সম্পর্কে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করেন নির্বাচন কমিশন।

২৯ অক্টোবর সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোস্তফা হাসানকে প্রধান নির্বাচন কমিশনার করে পাঁচ সদস্যের জকসু নির্বাচন কমিশন গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সহকারী নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন—আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।