‘আমি এখনও দেশেই আছি, পুলিশ খুঁজে বের করুক’-দাবি সাবেক আ.লীগ এমপির

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি ভিডিও বার্তা ঘিরে দেশজুড়ে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বৈকালে ‘রঞ্জিত সরকার এমপি’ নামের নিজস্ব ফেসবুক পেজ থেকে পাঁচ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটি প্রকাশ করেন তিনি। ভিডিওতে আত্মগোপনে থাকা সাবেক এই আইনপ্রণেতাকে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দিতে দেখা যায়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সরকার পতনের পর থেকেই আত্মগোপনে থাকা রনজিত সরকার ভিডিওটিতে দাবি করেন, তিনি ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে সুনামগঞ্জের সীমান্তসংলগ্ন এলাকায় ঢুকে গোপনে সভাটি সম্পন্ন করেছেন। বর্তমানেও তিনি বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান করছেন দাবি করে ভিডিওর শেষাংশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাঁকে খুঁজে বের করার প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত একটি মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন রনজিত সরকার। তাঁর পেছনে থাকা ব্যানারে জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নাম আয়োজক হিসেবে উল্লেখ ছিল। তবে ভিডিওটির ধারণস্থান নিয়ে দেখা দিয়েছে ঘোর রহস্য। সভার পেছনে দামি ফুলের টব, সামনে ঢোল-তবলা এবং রনজিত সরকারের গলায় একাধিক ব্লুটুথ মাইক্রোফোনের উপস্থিতি দেখে অনেকে ধারণা করছেন, এটি সীমান্তঘেঁষা ভারতের কোনো এলাকার শ্যামাপূজার প্যান্ডেলে বা সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে তড়িঘড়ি করে ধারণ করা হতে পারে। অবশ্য এসব জল্পনা উড়িয়ে দিয়ে হোয়াটসঅ্যাপে স্থানীয় সাংবাদিকদের কাছে রনজিত সরকার দাবি করেন, এটি কোনো পূজার অনুষ্ঠান নয়, বরং বাঙালির নিজস্ব কৃষ্টি-কালচার মেনে আয়োজিত দলীয় সভা, যা সম্পূর্ণভাবে বাংলাদেশের মাটি ও তাঁর নিজস্ব নির্বাচনী এলাকার নেতাকর্মীদের উপস্থিতিতেই অনুষ্ঠিত হয়েছে।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর সোমবার রাতেই সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে সভার ব্যানার ধরে রাখা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে আটক করে পুলিশ। এ ছাড়া ভিডিও ধারণের স্থান ও রনজিত সরকারের সীমান্ত অতিক্রমের বিষয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। সুনামগঞ্জের পুলিশ সুপারের মতে, সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা থাকায় রনজিতের বাংলাদেশে প্রবেশের সুযোগ নেই; ফলে ভিডিওটি সিলেটের সীমান্তবর্তী কোথাও ধারণ করা হতে পারে। পক্ষান্তরে সিলেটের পুলিশ সুপার দাবি করেছেন, সভাটি সিলেট সীমান্তে হয়নি, বরং সুনামগঞ্জের কোনো দুর্গম সীমান্ত এলাকায় গোপন আয়োজনের মাধ্যমে এই ভিডিওটি করা হয়ে থাকতে পারে। নির্দেশনার জের ধরে সোমবার রাতে রনজিত সরকারের গ্রামের বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও রনজিত সরকারের মূল রাজনৈতিক বলয় ছিল সিলেটের টিলাগড় এলাকায়। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী, দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব বিস্তার, সিলেট এমসি কলেজ হোস্টেলে গৃহবধূ গণধর্ষণ ঘটনা, ছাত্রাবাসে অগ্নিসংযোগ, প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর হামলা এবং একাধিক হত্যাকাণ্ডে তাঁর অনুসারীদের নাম বারবার সামনে এসেছিল। সরকার পতনের পর তিনি কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেন এবং রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সেই আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর ভারতে ফেরেন এবং সেখান থেকে বাংলাদেশে আসা-যাওয়ার কথা প্রচার করেন। নতুন এই ভিডিও এবং পুলিশের ধরাছোঁয়ার বাইরে থাকা নিয়ে বর্তমানে পুরো সিলেট অঞ্চলে চরম চাঞ্চল্য বিরাজ করছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।