আশুলিয়াতে ৬ লাশ পোড়ানোর ঘটনায় সাত আসামিকে ট্রাইব্যুনালে হাজির

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর মামলায় ৭জন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে প্রিজন ভ্যানে করে সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফি ও শহিদুল ইসলামের তত্ত্বাবধানে ট্রাইব্যুনালে আসামিদের হাজির করা হয়।

আলোচিত এ মামলার তদন্ত ইতোমধ্যেেই শেষ হয়েছে। বুধবার (আজ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলাটির আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এর আগে গত ১৯ জুন এ মামলার তদন্ত প্রতিবেদন হাতে পায় প্রসিকিউশন। আনুষ্ঠানিক অভিযোগে সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট সাভারের আশুলিয়ায় পুলিশের গুলিতে ৫ জন প্রাণ হারান। এছাড়াও গুরুতর আহত হন একজন। পরে ৫ জনের লাশ এবং আহত একজনকে পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়।

প্রসিকিউশন জানায়, এ ঘটনায় ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। ট্রাইব্যুনালে এ মামলায় এখন ১১ জন আসামির নাম উল্লেখ করেছে প্রসিকিউশন।

আসামিরা হলেন- সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি, আশুলিয়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ (রনি), ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, সাবেক উপপরিদর্শক আরাফাত উদ্দীন, সাবেক উপপরিদর্শক শেখ আবজালুল হক, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহা, সাবেক উপপরিদর্শক কামরুল হাসান ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার। এই ১১ জনের মধ্যে ৮ জন কারাগারে আছেন। এরমধ্যে বুধবার সাতজনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এদিকে মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে আশুলিয়া থানার সামনে ৫জনকে গুলি করে হত্যা করা হয়। এর বাইরে আরও ১জন গুলিতে গুরুতর আহত হন। পরে একজনকে জীবিত ও পাঁচজনকে মৃত অবস্থায় প্রথমে একটি ভ্যানে তোলা হয়। এরপর সেখান থেকে পুলিশের একটি গাড়িতে তাদের তুলে পুলিশ। পরবর্তীতে পুলিশের গাড়িতে আগুন দিয়ে এই ছয়জনকে (যার মধ্যে একজন জীবিত) পুড়িয়ে দেয়া হয়।

যারা ওই সময় শহিদ হয়েছেন, তারা হলেন- তানজীল মাহমুদ সুজয়, সাজ্জাদ হোসেন (সজল), বায়েজিদ, বুসতামিআস সাবুর ও আবুল হোসেন। এছাড়া একজনের পরিচয় এখনও পাওয়া যায়নি (অজ্ঞাত)।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।