ইসরায়েলি বিমানবন্দরে হুথি ক্ষেপণাস্ত্র হামলা, আকাশসীমা বন্ধ

ইসরায়েলের রামন বিমানবন্দরে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন আঘাত হেনেছে। দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের কাছে অবস্থিত এ বিমানবন্দরের সামনের হলটিতে আঘাত হানার পর প্রায় দুই ঘণ্টা বিমান ওঠানামা বন্ধ থাকে।

রবিবার (৭ সেপ্টেম্বর) এ হামলার পর ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তা ও আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল মানদণ্ড অনুযায়ী সব ধরনের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর বিমানবন্দর আবার চালু করা হয়েছে। ইতিমধ্যে রামন থেকে তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরে প্রথম ফ্লাইট ছাড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া তিনটি ড্রোনের মধ্যে দুটি ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগেই ভূপাতিত করা হয়। তবে তৃতীয় ড্রোনটি কীভাবে রাডারের চোখ ফাঁকি দিয়ে বিমানবন্দরে এসে আঘাত হানল, তা নিয়ে তদন্ত চলছে।

হারেৎজ পত্রিকা দেশটির উদ্ধারকর্মীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ড্রোন হামলায় দুজন আহত হয়েছেন। একজন ৬৩ বছর বয়সী পুরুষ শরপনেল বা বোমার টুকরায় আহত হন এবং একজন ৫২ বছর বয়সী নারী পড়ে গিয়ে আহত হন। তাদের এলাতের হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া আতঙ্কিত কয়েকজনকে ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়।

ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে, এ ড্রোনটি বিমানবাহিনীর শনাক্তকরণ ব্যবস্থায় ধরা পড়েনি।

হুথি বিদ্রোহীরা এর আগে থেকেই ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তারা দাবি করছে, এ হামলা ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অংশ। ২০২৩ সালের অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক ও সামরিক জাহাজেও হামলা চালাচ্ছে।

এ হামলার দায় এখনো স্বীকার করেনি হুথিরা। তবে সম্প্রতি ইসরায়েল ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় বিমান হামলা চালিয়েছে, যার মধ্যে হোদেইদা বন্দরের মতো কৌশলগত স্থানও রয়েছে। প্রায় দেড় সপ্তাহ আগে ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা নিহত হন। এতে বহু বেসামরিক মানুষও প্রাণ হারায়।

এর আগে গত মে মাসে এক হুথি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নের কাছে আঘাত হানে। ওই ঘটনায় অন্তত চারজন আহত হন এবং দীর্ঘ মাসব্যাপী অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা ইসরায়েলে ফ্লাইট বাতিল করে। পরবর্তীতে ইসরায়েল ইয়েমেনের রাজধানী সানার প্রধান বিমানবন্দর ধ্বংস করে দেয়।
 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।