খেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তাঁর স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন শুনানি শেষে এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া ঋণ পরিশোধ না করায় এ পরোয়ানা জারি করা হয়। ব্যাংকের কাছে থাকা বন্ধকি সম্পদ নিলামে বিক্রির চেষ্টা করেও ক্রেতা না পাওয়ায় ব্যাংক ব্যর্থ হয়। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত এ ব্যবস্থা নেন। ঋণের পরিমাণ ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা।
গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর আসলাম চৌধুরী জামিনে মুক্তি পান। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে মোট ৭৬টি মামলা হয়েছে।
২০১৬ সালের ১৫ মে রাজধানীর খিলক্ষেত থেকে আসলাম চৌধুরী গ্রেপ্তার হন। পরদিন তাঁকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে গুলশান থানায় তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। অভিযোগে বলা হয়, তিনি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন।
খবরওয়ালা/এন



