নিজেকে জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে বিয়ে করার অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পরিচয়ে তিনি বিভিন্ন অপকর্মও করতেন। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁর ভুয়া পরিচয় জানতে পারেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
টিটন বিশ্বাস সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের সাধন বিশ্বাসের ছেলে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, টিটন প্রতারণা করে সুন্দরী মেয়েকে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে টাকা-পয়সাও নিয়েছেন বলে লিখিত অভিযোগ করা হয়েছিল। এর ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিটন ভুয়া পরিচয় ব্যবহার করে সুনামগঞ্জ সদর উপজেলার এক গ্রামে বিয়ে করেন। এই পরিচয়ে তিনি এলাকায় বেশ দাপটের সঙ্গে চলতেন। এমনকি শ্বশুরবাড়ি থেকেও টাকা-পয়সা নিয়েছেন। চাকরি দেওয়ার কথা বলে কয়েকজনের সঙ্গে প্রতারণার অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
টিটনের স্ত্রীর ভাই জানান, টিটন নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে তাদের এলাকায় যান এবং ২০২৩ সালে হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে তার বোনকে বিয়ে করেন। নিজ এলাকায়ও তিনি এই পরিচয় দিতেন, যার কারণে সবাই তাকে সমীহ করতেন। টিটন প্রায়ই টাকার জন্য শ্বশুরবাড়িতে চাপ দিতেন এবং বিভিন্ন সময়ে টাকাও নিয়েছেন। সম্প্রতি এই চাপ ও খারাপ আচরণ বেড়ে গেলে তাদের সন্দেহ হয়। এরপর তারা লিখিতভাবে পুলিশকে জানালে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
তাহিরপুর থানার ওসি আরও বলেন, গ্রেপ্তারের সময় টিটনের কাছ থেকে এনএসআইয়ের লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ যেতে ছুটিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
খবরওয়ালা/টিএসএন



