খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 5শে ভাদ্র ১৪৩২ | ২০ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
কুমিল্লা শহর থেকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে হ্যাপি রানী বণিক (৪৪) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী রঞ্জিত বণিক আহত হয়েছেন।
ঘটনা ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় সিন্দুরা সেতুতে।
নিহত হ্যাপি রানী বণিক ব্রাহ্মণপাড়া সদর এলাকার বাসিন্দা এবং সদর বাজারের জুয়েলারি ব্যবসায়ী রঞ্জিত বণিকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে জেলা শহর থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রঞ্জিত বণিক ও তার স্ত্রী হ্যাপি রানী বণিক। সিন্দুরা সেতুতে উঠতেই হঠাৎ হ্যাপি বাইক থেকে ছিটকে পড়ে যান। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। এ সময় রঞ্জিত বণিকও আহত হন। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হ্যাপিকে মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক বলেন, ‘দুর্ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ বিষয়ে থানায় কোনো অভিযোগও করা হয়নি।’
খবরওয়ালা/শরিফ