খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 24শে মাঘ ১৪৩০ | ৬ই ফেব্রুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

নিজ সংবাদ ॥ সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, ‘ক’ সার্কেল কুষ্টিয়া’র অভিযানে বিভিন্ন ব্যান্ডের ১৮ বোতল বিদেশী মদ সহ বিধান কুমার শর্মা (৩৭) কে গ্রেফতার করা হয়েছে। সে খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ডের কালিবাড়ী পাড়ার বিনয় কুমার শর্মার পুত্র। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়, ‘ক’ সার্কেল কুষ্টিয়া’র পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে খোকসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করেছেন। যাহার মামলা নং ২৭। এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা খোকসা থানাধীন কালিবাড়ী পাড়ার বিধান কুমার শর্মার বাড়ীতে অভিযান পরিচালনা করে তার শয়ন কক্ষের বক্স খাটের ড্রয়ারের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে থাকা ১৮ বোতল হুইসকি জব্দ করে। যার মধ্যে কাঁচের বোতলে এক বোতল ব্লাইন্ড স্কচ হুইসকি (এক লিটার), কাঁচের বোতলে দুই বোতল লাক্সারি হুইসকি (প্রতি বোতলে ৩৭৫ এমএল), প্লাস্টিকের বোতলে এক বোতল ইম্পেরিয়াল হুইসকি (৭৫০ এমএল), প্লাস্টিকের বোতলে ৫ বোতল ইম্পেরিয়াল হুইসকি (প্রতি বোতলে ৩৭৫ এমএল), প্লাস্টিকের বোতলে ৪ বোতল ইম্পেরিয়াল হুইসকি (প্রতি বোতলে ১৮০ এমএল) এবং প্লাস্টিকের বোতলে ৫ বোতল জেসারিনা ভদকা (প্রতি বোতলে ১৮০ এমএল)। ১৯ বোতলে সর্বমোট মাদকের পরিমান ছিলো ৫ লিটার ১৯৫ এমএল। উক্ত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের সহকারী উপ-পরিদর্শক মোঃ হোসেন আলী সহ সিপাই আব্বাস আলী, মোঃ রাশিদুল ইসলাম ও মোঃ নূর নবী অংশ গ্রহণ করেন।