গভীর রাতে স্কুল মাঠ দখল, কাঁটাতারের বেড়া টেনে দিল দুর্বৃত্তরা

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে গভীর রাতে কাঁটাতারের বেড়া দেওয়ার অভিযোগ উঠেছে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এতে শিক্ষার্থীদের খেলাধুলা মারাত্মকভাবে ব্যাহত হবে।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার তেলিহাটি ইউনিয়নের গোদারচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রড, সিমেন্ট ও বাঁশের খুঁটি বসিয়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গোদারচালা গ্রামের আবু বক্করের ছেলে তৌহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম এ বেড়া দিয়েছেন। তবে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল করিম বলেন, ‘মঙ্গলবার রাত আনুমানিক ২টার দিকে মোবাইল ফোনের মাধ্যমে স্কুল মাঠ জবরদখলের খবর পাই। রাতেই বিষয়টি থানায় জানাই। সকালে এসে সরেজমিনে দেখে উপজেলা শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করি।’

তিনি আরও বলেন, ‘মাঠে কাঁটাতারের বেড়া দেওয়ার ফলে আজ (বুধবার) সকালে শিক্ষার্থীদের স্কুলে প্রবেশে সমস্যা হয়েছে। জবরদখলকারীরা হঠাৎ এসে জমি দাবি করে মাঠে বেড়া দিয়েছে। অথচ এই স্কুল ১৯৮১ সালে প্রতিষ্ঠিত। এর আগে কোনো দিন এ ধরনের দাবি কেউ করেনি।’

এ বিষয়ে শ্রীপুরের ইউএনও সজীব আহমেদ জানান, ‘বিষয়টি জানার পরপরই সহকারী কমিশনারকে (ভূমি) সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কোনোভাবেই স্কুল মাঠে বেড়া দেওয়া আইন সমর্থন করে না। এটি অবশ্যই মারাত্মক অপরাধ। দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।