গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে চার সাংবাদিককে অবরুদ্ধ করে মারধরের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকদের অভিযোগ, মারধরের পাশাপাশি হামলাকারীরা তাঁদের মুঠোফোন কেড়ে নেয় এবং জোর করে হাতে টাকা গুঁজে দিয়ে ভিডিও ধারণ করে।
হামলার শিকার চার সংবাদকর্মী হলেন— আমাদের প্রতিনিধি জানান , দৈনিক দেশ রূপান্তরের খন্দকার রফিকুল ইসলাম রফিক, স্থানীয় জনসেনা পত্রিকার স্টাফ রিপোর্টার তাজরুল ইসলাম এবং সাংবাদিক পাপ্পু সরকার। হামলায় শারীরিকভাবে আহত হওয়ায় তাঁদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।
ঘটনার সূত্রপাত ওই দিন বিকেলে পরিচালিত প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কেন্দ্র করে। অবৈধভাবে বালু উত্তোলন ও মজুতের বিরুদ্ধে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইয়াসা রহমান তাপাদারের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অবৈধভাবে মজুত রাখা বালু জব্দ করার পাশাপাশি বালু পরিবহনের কাজে ব্যবহৃত চারটি ট্রাক্টর আটক করেন ভ্রাম্যমাণ আদালত। পেশাগত দায়িত্বের অংশ হিসেবে সেই অভিযানের তথ্য ও ভিডিও চিত্র সংগ্রহ করেছিলেন ওই চার সাংবাদিক।
ভুক্তভোগী সাংবাদিকদের বর্ণনা অনুযায়ী, অভিযানের কাজ শেষে তাঁরা একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কের আমবাড়ী এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা নয়জন ব্যক্তি তাঁদের অটোরিকশাটির গতিরোধ করেন। এরপর তাঁদের গাড়ি থেকে নামিয়ে পাশের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে তাঁদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
আহত সাংবাদিকেরা অভিযোগ করেন, পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশিদ হৃদয় এবং পলাশবাড়ী কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. মাজেদুল ইসলামের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। মারধরের একপর্যায়ে হামলাকারীরা সাংবাদিকদের ব্যবহৃত মুঠোফোনগুলো ছিনিয়ে নিয়ে বন্ধ করে রাখে, যাতে তাঁরা কারও সঙ্গে যোগাযোগ করতে না পারেন। পরে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ও সাংবাদিকদের হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে জোর করে তাঁদের হাতে টাকা ধরিয়ে দিয়ে মুঠোফোনে ভিডিও ধারণ করা হয়।
অবৈধ বালু উত্তোলনের মতো পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাঠপর্যায়ের সাংবাদিকদের এমন বাধার মুখে পড়ার ঘটনা স্থানীয় সংবাদকর্মীদের মধ্যে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। প্রকাশ্য সড়ক থেকে তুলে নিয়ে এভাবে নির্যাতন ও সাজানো ভিডিও তৈরির চেষ্টাকে স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায় হিসেবে দেখছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
এ বিষয়ে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, ‘সাংবাদিকদের মারধরের বিষয়টি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক একটি ঘটনা। ভুক্তভোগীদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বুলবুল জানান, অভিযান শেষে ফেরার পথে সাংবাদিকদের অবরুদ্ধ করে মারধর করার খবর তাঁর কানে এসেছে। পাশাপাশি তিনি এও জানান যে, অভিযানের সময় জব্দ করা বালুবাহী গাড়িগুলো পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছে।


