গাইবান্ধার সুন্দরগঞ্জে ছাগলের হাড়ে আঘাত পেয়ে ক্ষত থেকে আজেনা বেগম রোজিনা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজেনা বেগম।
স্বজন ও এলাকাবাসীর ভাষ্য, আজেনা বেগম একটি অসুস্থ ছাগলের বাচ্চা জবাইয়ের সময় হাড়ের আঘাতে হাতে ক্ষত পান। পরে ক্ষতস্থানে ফোঁসকা দেখা দিলে স্থানীয় পল্লী চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রংপুর মেডিক্যালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা মো. ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, ‘মৃত নারী নিজেই অসুস্থ ছাগল জবাই করার সময় আঘাতপ্রাপ্ত হন। অ্যানথ্রাক্সে মারা গেছেন কি না, তা নিশ্চিত নয়, কারণ পরীক্ষা করা হয়নি।’ তিনি আরও জানান, বর্তমানে তার ইউনিয়নে অন্তত ১১ জন অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আছেন, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দিবাকর বসাক বলেন, ‘ওই নারীর হাতে ছোট দুটি ফোঁসকা ছিল, রক্তচাপ কমে গিয়েছিল এবং শ্বাসকষ্ট ছিল। তাই তাকে রংপুর মেডিক্যালে পাঠানো হয়। তার মৃত্যু অ্যানথ্রাক্সে হয়েছে কি না তা নমুনা পরীক্ষার পর জানা যাবে।’
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহে অন্তত ২৫ জন অ্যানথ্রাক্সের উপসর্গে আক্রান্ত হয়েছেন। একই সময়ে শতাধিক গবাদিপশু মারা গেছে।
খবরওয়ালা/এফএস



