গাজীপুরে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা: ২ সদস্য আহত, আসামি ছিনতাইয়ের চেষ্টা

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার দুজনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে সশস্ত্র একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল পৌনে ছটার দিকে এ হামলা চালানো হয়। আকস্মিক এই হামলায় ফাঁড়িতে কর্মরত টিএসআই নুরুল ইসলাম ও কনস্টেবল আশিক গুরুতর আহত হন। হামলাকারীরা রামদা, চাপাতি ও হাসুয়াসহ বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে পুরো ফাঁড়ি ঘিরে ফেলে ও ভাঙচুর চালায়।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, জয়দেবপুর রেলওয়ে জংশনের দক্ষিণ পাশে মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালান দায়িত্বরত পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। সেখান থেকে হাতেনাতে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। পুলিশ সদস্যরা আটক ব্যক্তিদের প্রাথমিক জবানবন্দি ও আইনগত ব্যবস্থার জন্য জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসেন। তবে আটকের খবর ছড়িয়ে পড়তেই আসামিদের সহযোগীরা একজোট হতে শুরু করে।
আসামিদের ফাঁড়িতে আনার কিছুক্ষণের মধ্যেই ৪০ থেকে ৫০ জনের একটি সশস্ত্র দল সংঘবদ্ধ হয়ে হামলা চালায়। পুলিশ ফাঁড়ির প্রধান ফটক ও দরজা ভেঙে ভেতরে ঢুকে তাণ্ডব শুরু করে তারা। এ সময় আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হলে ফাঁড়িতে থাকা পুলিশ সদস্যরা তাদের প্রতিহত করার চেষ্টা চালান। দুষ্কৃতকারীদের দেশীয় অস্ত্রের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হন। ফাঁড়ির ভেতর ও বাইরে থাকা বিভিন্ন আসবাবপত্র ও স্থাপনা ভাঙচুর করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক সিসিটিভি ও প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা গেছে, মুখে গামছা বা কাপড় পেঁচিয়ে একদল যুবক রামদা, চাপাতি ও ছুরি হাতে ফাঁড়ির চতুর্দিক ঘিরে ফেলছে। চিৎকার-চেঁচামেচির পাশাপাশি তারা ইটপাটকেল নিক্ষেপ করে এবং কুপিয়ে দরজার তালা ও ফ্রেম ভেঙে ফেলে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিকট শব্দ ও সশস্ত্র মহড়া দেখে আশপাশের দোকানের ব্যবসায়ীরা দ্রুত সাটার বন্ধ করে নিরাপদ আশ্রয়ে সরে যান।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সরকারি কাজে বাধা প্রদান, পুলিশ ফাঁড়িতে হামলা ও ভাঙচুর এবং মাদক আইনে জড়িতদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করার কাজ চলছে এবং আসামিদের গ্রেফতার করতে একাধিক টিম মাঠে নেমেছে।
Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।