চতুর্থ দিনের খেলা এক ঘণ্টা দেরি, শুরুতেই বিদায় নিলেন শান্ত, মিরাজ

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।

সিলেটে গতকাল তৃতীয় দিনেই জিম্বাবুয়ের বোলারদের ওপর পাল্টা আক্রমণ করেন শান্ত। তৃতীয় উইকেটে মুমিনুল হকের সঙ্গে ৬৫ রানের গুরুত্বপূর্ণ একটি জুটি গড়তেও শান্ত অবদান রেখেছিলেন। সতীর্থদের তুলনায় শান্তকে কিছুটা সাবলীল মনে হচ্ছিল উইকেটে। কিন্তু ইনিংসটা আরও বড় করার পরিবর্তে ড্রেসিংরুমের পথ ধরেছেন বাংলাদেশ অধিনায়ক। শান্তর পর বিদায় নিলেন মেহেদী হাসান মিরাজও।

সিলেট টেস্টে আজ চতুর্থ দিনে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় শুরু হয়েছে স্থানীয় সময় ১১টায়। দিনের খেলা শুরুর দ্বিতীয় বলেই ব্লেসিং মুজারাবানির এক শর্ট বল দেখে পুল করার লোভ সামলাতে পারেননি শান্ত। টপ এজ হওয়া বল ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ভিক্টর নিয়াউচি সহজেই তালুবন্দী করেছেন। ১০৪ বলে ৭ চারে ৬০ রান করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বিদায় নেওয়ায় দলের স্কোর হয়ে যায় ৫৭.২ ওভারে ৫ উইকেটে ১৯৪ রান। পঞ্চম উইকেটে জাকেরের সঙ্গে শান্তর জুটিটা ছিল ৯২ বলে ৩৯ রানের।

শান্তর বিদায়ের পর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে ব্যাটিং করতে থাকেন মিরাজ। তবে উইকেটে মিরাজ বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ১টি করে চার ও ছক্কায় ১১ রান করেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। ৬২তম ওভারের দ্বিতীয় বলে মুজারাবানি ফিরিয়েছেন মিরাজকে। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিতে গিয়ে মিরাজ ধরা পড়েছেন দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা ব্রায়ান বেনেটের হাতে। তাতে মুজারাবানি টেস্টে তৃতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬১.২ ওভারে ৬ উইকেটে ২১০ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড ১২৮ রানের। জাকের ৬৯ বলে ২৬ রানে ব্যাটিং করছেন।

চতুর্থ দিনের প্রথম সেশন ১১টায় শুরু হয়ে চলবে বেলা ১টা পর্যন্ত। ৪০ মিনিটের বিরতি শেষে ১টা ৪০ মিনিট থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত হবে দ্বিতীয় সেশন। শেষ সেশনের খেলা চলবে বিকেল ৪টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত।

খবরওয়ালা/এমএজেড

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।