সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে সাড়ে ২৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা আমজাদ হোসেন (৬০) এবং তাঁর মেয়ে মোছা. লাকী আক্তার। এ ঘটনায় ভুক্তভোগী মো. নিজাম উদ্দিন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি প্রতারণা মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের মাঝামাঝি সময়ে একই এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিনের পরিবারের সঙ্গে সখ্য গড়ে তোলেন লাকী আক্তার। সে সময় তিনি নিজেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। ঘনিষ্ঠতার একপর্যায়ে লাকী আক্তার নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেনকে এনএসআইতে এবং মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তারকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার প্রস্তাব দেন। এ সময় লাকীর বাবা আমজাদ হোসেনও চাকরি পাইয়ে দেওয়ার পূর্ণ নিশ্চয়তা দেন এবং মেয়ের কথামতো টাকা পরিশোধ করতে নিজাম উদ্দিনকে প্ররোচিত করেন।
তাঁদের কথায় বিশ্বাস করে ২০২১ সালের ১০ মে থেকে বিভিন্ন ধাপে মোট সাড়ে ২৮ লাখ টাকা তুলে দেন নিজাম উদ্দিন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় তিনি নিয়োগপত্রের জন্য চাপ দিতে থাকেন। একপর্যায়ে প্রতারণার আশ্রয় নিয়ে আবিদ হোসেনের হাতে এনএসআইয়ের একটি ভুয়া নিয়োগপত্র তুলে দেন লাকী আক্তার। শুধু তা-ই নয়, ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আবিদকে দিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজও করান তিনি।
এই প্রতারণার জেরে চরম বিপাকে পড়েন ভুক্তভোগী পরিবারের সন্তান আবিদ হোসেন। চলতি বছরের ৯ জুলাই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয় দেওয়ার অভিযোগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ তাঁকে আটক করে। ওই ঘটনায় রাজপাড়া থানায় মামলা দায়ের হলে আবিদকে দীর্ঘদিন কারাভোগ করতে হয়।
ছেলের কারাবাসের পর প্রতারণার বিষয়টি স্পষ্ট হলে নিজাম উদ্দিন তাঁর দেওয়া সাড়ে ২৮ লাখ টাকা ফেরত চান। শুরুতে অভিযুক্ত বাবা ও মেয়ে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়ে নানাভাবে কালক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ গত ১৩ নভেম্বর বিকেলে পাওনা টাকা চাইতে গেলে আমজাদ হোসেন ও লাকী আক্তার টাকা ফেরত দিতে সরাসরি অস্বীকৃতি জানান। একই সঙ্গে নিজাম উদ্দিনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন তাঁরা।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, ভুক্তভোগীর লিখিত অভিযোগ ও মামলার ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে আমজাদ হোসেন ও লাকী আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। পরে সোমবার দুপুরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়। সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।


