খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: 13শে মাঘ ১৪৩০ | ২৬ই জানুয়ারি ২০২৪ | 1148 Dhu al-Hijjah 5

নিজ সংবাদ ॥ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ দার্জিলিং জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার স্থানীয় সময় বিকেল ৩টায় ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি’র দীনবন্ধু মঞ্চে এ অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দার্জিলিং জেলা কমিটির সভাপতি শ্রী দিপ্তেন্দু ঘোষ এর সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগম এর মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু ও উপদেষ্টা সুব্রতা দত্ত। ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ এর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই অভিষেক অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রী সোমনাথ স্যানাল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক শিলিগুড়ি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোল্লা সামিম আকতার, সাহিত্যিক ও বিশিষ্ঠ নাগরিক শ্রী গৌরীশঙ্কর ভট্টাচার্য্য, ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক টপি বিশ্বাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কায়া বিশ্বাস, মুর্শিদাবাদ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীমানেশ বিশ্বাস প্রমুখ। আলোচনা সভার শুরুতেই প্রদ্বীপ প্রজ্বলন করেন ভারত বাংলাদেশ যুব মৈত্রী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাসিবুর রহমান রিজু। এরপর দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে আলোচনা সভায় অতিথিবৃন্দরা দুই দেশের জনগণের, বিশেষ করে যুব ও তরুণ সমাজের মধ্যে জঙ্গিবাদ, ধর্মীয় অপপ্রচার সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে ও দুই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থরায় প্রবুদ্ধ করতে সচেতনতা সৃষ্টি করা ও অভিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করার বিষয়ে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের দার্জিলিং শহরে এই অভিষেক অনুষ্ঠানকে ঘিরে অনুষ্ঠানের ৩ দিন ধরে শহরের রাস্তায় রাস্তায় ভারত ও বাংলাদেশের পতাকা টানানো হয়। হঠাৎ করে শহরে দুই দেশের পতাকা টানানোয় দার্জিলিং বাসির মধ্যে এক কৌতহলের সৃষ্টি হয়। এ নিয়ে স্থানীয় সংবাদকর্মীরা স্থানীয় ও জাতীয় পত্রিকায় এবং টেলিভিশনে সংবাদ প্রকাশ করে।