স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। কিন্তু রাজধানীর রাস্তায় বের হলেই কি সেই বক্তব্যের সত্যতা মেলে? প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে ছিনতাই, পথচারী থেকে শুরু করে বাসযাত্রী—কেউই যেন নিরাপদ নন। কখনো ব্যস্ত সড়কে, কখনো পুলিশের সামনেই ঘটছে ছিনতাইয়ের ঘটনা। তাহলে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার এই দাবি আর ঢাকার বাস্তব পরিস্থিতির মধ্যে এত পার্থক্য কেন?
ছিনতাই এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং রাজধানীর মানুষের প্রতিদিনের আতঙ্ক। রিকশায় থাকা যাত্রী, বাসের যাত্রী, ফুটপাতের পথচারী কিংবা চলন্ত গাড়ির আরোহী—যেকোনো সময় অস্ত্রের মুখে কেড়ে নেওয়া হচ্ছে টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র। ফলে সন্ধ্যার পর তো বটেই, দিনের বেলাতেও রাস্তায় চলতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।
কিন্তু এই আতঙ্কের পেছনে কি শুধু কিছু বিচ্ছিন্ন অপরাধী? তথ্য বলছে, ঢাকাজুড়ে সক্রিয় রয়েছে ছিনতাইকারীদের একটি চক্র। রাজধানীতে তালিকাভুক্ত ছিনতাইকারীর সংখ্যা ১ হাজার ৪০০-এর বেশি। আর ৫০টি থানার আওতায় ছিনতাইয়ের ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে অন্তত ৪০০টি। সবচেয়ে বেশি তালিকাভুক্ত ছিনতাইকারী রয়েছে ওয়ারী বিভাগে। অন্যদিকে ছিনতাইয়ের ঘটনা বেশি ঘটছে মিরপুর, তেজগাঁও ও উত্তরা এলাকায়।
পরিস্থিতির ভয়াবহতা বোঝা যায় আরও একটি পরিসংখ্যানে। গত চার মাসে রাজধানীতে ছিনতাইসহ বিভিন্ন ঘটনায় হত্যার শিকার হয়েছেন ৭৮ জন। অর্থাৎ অপরাধের ঝুঁকি শুধু অর্থ বা মূল্যবান জিনিস হারানোর মধ্যেই সীমাবদ্ধ নেই, প্রশ্ন উঠছে মানুষের জীবনের নিরাপত্তা নিয়েও।
আর অপরাধের তালিকা শুধু ছিনতাইয়েই শেষ হচ্ছে না। রাজধানীতে ককটেল বিস্ফোরণ, গণপরিবহনে অগ্নিসংযোগ, এমনকি সংসদ সদস্যের বাড়িতেও হামলার ঘটনা ঘটছে। এসব ঘটনা সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে দিচ্ছে। প্রশ্ন উঠছে, অপরাধীদের এমন দাপটের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে?
একদিকে সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার দাবি, অন্যদিকে রাজধানীর রাস্তায় ছিনতাই আর সহিংসতার ভয়। এই দুই বাস্তবতার মধ্যে মিল কোথায়? অপরাধীদের তালিকা আছে, ছিনতাইয়ের হটস্পটও চিহ্নিত। তারপরও কেন থামছে না অপরাধ? সাধারণ মানুষের প্রত্যাশা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকার প্রমাণ বক্তব্যে নয়, মানুষের নিরাপদ জীবনেই দেখা যাওয়ার কথা।


