দাফনের আগে আজান দেওয়ার সময় হঠাৎ কান্না শুরু করে শিশুটি

চাঁদপুর পৌরশহরে এক নবজাতক শিশুকে মৃত ভেবে দাফনের জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয় মাত্র ৫০০ টাকার বিনিময়ে। কিন্তু দাফনের আগে আজান দেওয়ার সময় হঠাৎ কান্নায় ফেটে পড়ে শিশুটি। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হলেও কয়েক ঘণ্টা পর মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে গত রোববার দুপুরে চাঁদপুর পৌরসভার কবরস্থানে। আটক ফারুক হোসেন গাজী (৪৫) এ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি শহরের তালতলা এলাকার ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।

গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, ক্লিনিকের এক নার্স ফারুককে নবজাতককে মৃত বলে দাফন বা ফেলে দেওয়ার নির্দেশ দেন। কিন্তু ফারুক শিশুটিকে কবরস্থানে নিয়ে গিয়ে ৫০০ টাকার মধ্যে ৩০০ টাকা নিজের কাছে রেখে বাকি ২০০ টাকা কবরস্থানের লোকজনকে দেন, যাতে শিশুটিকে মাটিচাপা দেওয়া হয়।

তবে দাফনের আগে স্থানীয় ফারুক মিয়া নামের এক ব্যক্তি শিশুটির কানে আজান পড়লে সে কান্না শুরু করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে স্থানীয় সাংবাদিক মুসাদ্দেক আল আকিবের সহায়তায় শিশুটিকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শিশুটি মারা যায় এবং সেদিন রাতেই আনুষ্ঠানিকভাবে দাফন সম্পন্ন হয়।

চাঁদপুরের জেলা গোয়েন্দা পুলিশ কবরস্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ফারুককে গ্রেপ্তার করে। জড়িত নার্স, শিশুর স্বজন এবং ক্লিনিক কর্তৃপক্ষকেও আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, শিশুটিকে কবরস্থানে ফেলে যাওয়ার ঘটনায় গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ঘটনার দুই দিনের মাথায় জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়েছে। গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।