খবরওয়ালা আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: 31শে শ্রাবণ ১৪৩২ | ১৫ই আগস্ট ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ভারতের রাজধানী দিল্লিতে মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ চত্বরের একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া আরও অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শুক্রবার (১৫ আগস্ট) বিকাল প্রায় ৪টা ৩০ মিনিটে রাজধানীর ঐতিহাসিক হুমায়ুনের সমাধির গম্বুজের একটি অংশ ধসে পড়ে। এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েন অন্তত ১২-১৫ জন দর্শনার্থী। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দিল্লির ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে উদ্ধার করে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
অসমর্থিত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম সাধক পাট্টে শাহ- এর দরগাহ শরীফ নামে পরিচিত প্রায় ২৫-৩০ বছরের পুরনো ভবনের ছাদটি ধসে পড়ার সময় ভেতরে একজন ইমামসহ ১৫-২০ জন অবস্থান করছিলেন। দরগাহটি ১৬ শতকের নির্মিত মোঘল সম্রাট শাসক হুমায়ুনের সমাধি সংলগ্ন বাগানের একটি অংশে অবিস্থিত।
প্রসঙ্গত, মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হুমায়ুনের সমাধি দিল্লির অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। এটি মুঘল স্থাপত্যের একটি অসাধারণ উদাহরণ এবং ভারতের প্রথম বাগান-সমাধি হিসেবে পরিচিত। এর নির্মাণ কাজ ১৫৬৫ সালে সম্রাট হুমায়ুনের প্রথম স্ত্রী বেগা বেগম (হাজি বেগম নামেও পরিচিত) শুরু করেন এবং এর স্থপতি ছিলেন পারস্যের মীরক মির্জা গিয়াস।
এই সমাধিটি মূলত লাল বেলেপাথর এবং সাদা মার্বেল দিয়ে তৈরি, আর এর স্থাপত্যে পারস্যের ‘চারবাগ’ (চার ভাগে বিভক্ত বাগান) এবং ভারতীয় শিল্পকলার এক চমৎকার সংমিশ্রণ দেখা যায়। এর অসাধারণ ঐতিহাসিক ও স্থাপত্যিক গুরুত্বের কারণে এটি ১৯৯৩ সাল থেকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করেছে। প্রতিবছর হাজার হাজার পর্যটক সেখানে বেড়াতে যান।
খবরওয়ালা/এসআর