ধর্ম অবমাননার অভিযোগে কিশোর গ্রেপ্তার, সনাতন ধর্মাবলম্বীদের ১৫ বাড়ি ভাঙচুর

রংপুরের গঙ্গাচড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় উত্তেজিত জনতা ওই কিশোরের বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়ি ভাঙচুর করে।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বেতগাড়ী ইউনিয়নের একটি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় উত্তেজিত জনতা শনিবার রাত ও রবিবার বিকেলে ওই কিশোরের বাড়িসহ সনাতন ধর্মাবলম্বীদের ১৫টি বাড়ি ভাঙচুর করে। পরে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গ্রেপ্তার কিশোর একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি গঙ্গাচড়ার একটি গ্রামে।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন, ওই কিশোর সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর লেখা ও ছবি দিয়েছে- এমন অভিযোগের সত্যতা পেয়ে তাৎক্ষণিক তাকে আটক করে থানায় আনা হয়। পরে সাইবার সুরক্ষা আইনে মামলা করে রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে শিশু পুনর্বাসনকেন্দ্রে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই কিশোরকে থানায় নেওয়ার পর বিচার দাবিতে মিছিল করে উত্তেজিত লোকজন তার বাড়ির সামনে যায় এবং কিশোরের এক স্বজনের বাড়ি ভাঙচুর করে। পরে রাতে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রবিবার বিকেলে উত্তেজিত লোকজন ফের বাড়িঘরে হামলা শুরু করলে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করে। তারপরও অন্তত ১৫টি বাড়ি ভাঙচুর করা হয়। এ সময় আহত হন এক পুলিশ সদস্য।

স্থানীয় একজন জানান, দুপুরে গ্রামের পাশে কিশোরগঞ্জের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের ডাক দেওয়া হয়েছিল। বিকেলে সেখান থেকে উত্তেজিত জনতা এসে ওই কিশোরের গ্রামের হিন্দুদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায়। রাত ৯টার দিকেও ওই গ্রামে থমথমে অবস্থা বিরাজ করে।

বিন্দু রানী মোহন্ত বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল আমাদের বাড়িতে হামলা হবে না। আমরা বাড়ি থেকে কিছু সরাইনি। ওরা ঘরে ঢুকে বাক্স ভেঙে সব নিয়ে গেছে।’

ক্ষতিগ্রস্ত সুবল চন্দ্র বলেন, ‘তারা আমার বাড়িঘর ভেঙে ফেলেছে। এ সময় আমি জীবন বাঁচাতে পালিয়ে যাই। ওরা চলে যাওয়ার পর এসে দেখি আমার বাড়িঘর তছনছ করে ফেলেছে। এখন কার কাছে বিচার চাইব!’

গঙ্গাচড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন সেখানকার পরিস্থিতি শান্ত আছে। সুষ্ঠু তদন্তের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করছি।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।