রাজধানীতে নয়তলা ভবনের ছাদ থেকে পড়ে সনাতন কুমার দাস (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগে ১৫ নম্বর সড়কে একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের ছেলে রজত চন্দ্র দাস বলেন, আমার বাবা রাতে বাসার ছাদে হাঁটাহাঁটি করার সময় মাথা ঘুরে নিচে পড়ে যান। পরে আমরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে এলে রাত ১১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
খবরওয়ালা/এফএস



